শেখ হাসিনাকে হস্তান্তর বিমানে নাকি হেঁটে-তা ঠিক হবে ভারতের সাথে আলোচনায়: ডা. জাহেদ উর রহমান!

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা আসতে চাওয়ায় তার প্রত্যর্পণে এখন আর কোনো আইনি বাধা নেই। বাংলাদেশে আসা নিয়ে তার সাথে সরকারের কোনো আলোচনা নেই। এই আলোচনা হবে ভারতের সাথে। তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি ভারতের বিমানে, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে এটি ভারতের সাথে আলোচনায় নির্ধারিত হবে।সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। সম্প্রতি নড়াইলে হামলার ঘটনায় অপপ্রচার ছড়ানো নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, নড়াইলের ঘটনা নিয়ে ভারতে মারাত্মক ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। এটি নতুন না, ৫ আগস্ট পরবর্তী সময়ে এ ধরনের নানা রকম ডিসইনফরমেশন ক্যাম্পেইন দেশটির মেইনস্ট্রিম মিডিয়াতেও হয়েছে। বাংলাদেশের অনেক পত্রিকা সেসব ডিবাঙ্কও করেছে। এ ধরনের ক্যাম্পেইন দুই রাষ্ট্রের সম্পর্কের জন্য ভালো কিছু হয় না। এ ধরনের ক্যাম্পেইন সমস্যা বা জটিলতা আরও বাড়াতে পারে। এগুলো থেকে নিবৃত্ত থাকতে ভারত সরকার ও দেশটির মিডিয়ার কাছে আহ্বান জানান তিনি।এদিকে, গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এ নিয়ে ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে বলে জানালেন ডা. জাহেদ উর রহমান।