পরাজিত ফ্যাসিবাদীদের সন্ত্রাস ও ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

পরাজিত ফ্যাসিবাদীদের সন্ত্রাস ও ষড়যন্ত্র রুখে দিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তারা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।এর আগে সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করা হলে রাজনৈতিক ঐক্য আরও সুদৃঢ় হবে। তার মতে, আধিপত্যবাদী শক্তি আবারও ফিরে আসার চেষ্টা করছে এবং দেশের তৈরি পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এসব পরিস্থিতিতে সরকার সাহসী পদক্ষেপ নিলে পুরো জাতি সরকারের পাশে থাকবে।তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতকে এমনভাবে গড়ে তুলেছিল যে চিকিৎসার জন্য মানুষকে একটি বিশেষ দেশের ওপর নির্ভরশীল হতে হয়েছিল। একই অপশক্তি এখন দেশের তৈরি পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনের কর্মকাণ্ডে আবারও প্রমাণ হয়েছে, তারা সন্ত্রাসী দল। তিনি বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে— যেখানেই তারা থাকুক, তাদের সন্ত্রাসী চরিত্র গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে আবারও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী মানুষ তাদের বিষদাঁত ভেঙে দেবে। বাংলাদেশ কারও বশ্যতা স্বীকার করার জন্য স্বাধীন হয়নি উল্লেখ করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।এ জন্য ২০২৪ সালের মতো রাজনৈতিক ঐক্যের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। সংসদে প্রতিনিধিত্বকারী সব গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পরাজিত অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়াতে হবে।সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তাদের উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। এরপর তিনি চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।