বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা তাদের বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এই অভ্যুত্থানে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে। বিগত ১৫ বছরের ইতিহাসকে দুঃশাসনের ইতিহাস হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনো নিজেদের জীবন উৎসর্গ করতে কার্পণ্য করেননি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে দুঃখজনকভাবে মহান মুক্তিযুদ্ধের পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেই অবদান ও কৃতিত্বকে অস্বীকার করা হয়েছিল।স্বাধীনতার পরেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল মন্তব্য করে স্পীকার বলেন, দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে সেদিন প্রশিক্ষণবিহীন আপামর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল। পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা অনেক বেশি সাহসী বলে মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান প্রেক্ষাপট ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দেশের টেকসই উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
বিগত ১৫ বছরের ইতিহাসকে দুঃশাসনের ইতিহাস হিসেবে অভিহিত করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা তাদের বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গিনের সামনে শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে।




