কক্সবাজারের চকরিয়া, সদর ও টেকনাফের হ্নীলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনারেটের তিনটি পৃথক দল একযোগে চকরিয়া, কক্সবাজার সদর ও টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মার্বে ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়।

জব্দ করা সিগারেটের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম উল্লেখ রয়েছে। তবে নকল ব্যান্ডরোল ব্যবহারের ঘটনায় প্রতিষ্ঠানটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া এ ধরনের সিগারেট উৎপাদনে আরও কোনো কারখানা জড়িত রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি রাজস্ব ফাঁকি শনাক্ত, বকেয়া রাজস্ব আদায় এবং রাজস্ব সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সংবাদ বিজ্ঞপ্তি।