সৈকত কি ধীরে ধীরে স্থানীয়দের হাতছাড়া হচ্ছে?
উন্মুক্ত ঝাউবনে প্রবেশেও কেন টাকা? উন্নয়নের নামে আর কত পাবলিক স্থান বাণিজ্যিক নিয়ন্ত্রণে যাবে?
লেখক: বোরহান উদ্দিন রাব্বানী
কক্সবাজার সমুদ্রসৈকতের একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা কি ধীরে ধীরে স্থানীয় মানুষের হাতছাড়া হয়ে যাচ্ছে? যেসব সৈকত, ঝাউবন ও উন্মুক্ত প্রান্তর একসময় ছিল সাধারণ মানুষের অবসর কাটানোর নির্ভরযোগ্য আশ্রয়, সেসব জায়গায় এখন বাড়ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, বাণিজ্যিক আয়োজন ও নানা বিধিনিষেধ।
শুরুটা বালিয়াড়ি ও ঝাউবন ঘিরে সেনা কল্যাণ ট্রাস্টের বিলাসবহুল হোটেল ‘জলতরঙ্গ’ দিয়ে। এরপর বিজিবির ‘উর্মি’, পুলিশের অফিসার্স মেস, জেলা প্রশাসনের বিয়াম এবং সবশেষে বিমান বাহিনীর স্থাপনা ও নিয়ন্ত্রণ। দীর্ঘ মেরিন ড্রাইভের প্রসঙ্গ আপাতত না-ই তুললাম।
একসময় ডায়াবেটিস পয়েন্ট ছিল স্থানীয় মানুষের অন্যতম আকর্ষণীয় জায়গা। বিকেলে একটু স্বস্তি পেতে, পরিবার নিয়ে সময় কাটাতে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মানুষ সেখানে যেতেন। এখন সেই জায়গাটিও অনেকটা নিয়ন্ত্রিত পরিসরে পরিণত হয়েছে। সেখানে গেলেই নানা বাধা ও বিধিনিষেধের মুখে পড়তে হয় বলে স্থানীয়দের অভিযোগ।
এরপর ছিল কবিতা চত্বর ও শৈবাল পয়েন্ট। সকাল-বিকেল স্থানীয় মানুষ পরিবার নিয়ে সেখানে যেতেন। খোলামেলা পরিবেশ, পরিচ্ছন্ন সৈকত আর ঝাউবনের ছায়ায় কাটাতেন অবসর সময়।
কিন্তু এখন সেই কবিতা চত্বর ও শৈবাল পয়েন্টের ঝাউবন ঘিরেও চলছে বাণিজ্যিক আয়োজন। ঝাউবনের ভেতরে বিভিন্ন স্থাপনা, আলোকসজ্জা ও বাণিজ্যিক স্টল বসিয়ে এর নাম দেওয়া হয়েছে ‘পর্যটন কার্নিভাল’। অভিযোগ রয়েছে, এ আয়োজনে ঝাউবন ও প্রাকৃতিক পরিবেশের স্বাভাবিক রূপও পরিবর্তিত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রবেশমূল্যের বিষয়টি। শোনা যাচ্ছে, এখানে প্রবেশ করতে একজনকে ২০০ টাকা পর্যন্ত টিকিট গুনতে হতে পারে।
আমার প্রশ্ন, এমন কী আয়োজন করা হচ্ছে যে উন্মুক্ত সমুদ্রসৈকত ও ঝাউবনে প্রবেশ করতে একজন মানুষকে ২০০ টাকা দিতে হবে?
মানুষ সেখানে ঘুরতে যাবে, নিজের মতো সময় কাটাবে, পছন্দের কিছু কিনবে, বিনোদন উপভোগ করবে। এসবের জন্য কেন পুরো জায়গায় প্রবেশমূল্য দিতে হবে? কেউ কার্নিভালের নির্দিষ্ট কোনো বিনোদন বা সেবা নিতে চাইলে তার জন্য আলাদা মূল্য থাকতে পারে। কিন্তু উন্মুক্ত পাবলিক স্থানে প্রবেশের অধিকার কেন অর্থের বিনিময়ে সীমাবদ্ধ হবে?
এভাবে চলতে থাকলে একদিন দেখা যাবে, কক্সবাজারের বিশাল উন্মুক্ত সমুদ্রসৈকত ধীরে ধীরে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে গেছে। স্থানীয় মানুষ নিজেদের পরিচিত জায়গায় স্বাভাবিকভাবে ঘুরতেও পদে পদে টাকা দিতে বাধ্য হচ্ছেন।
পর্যটন উন্নয়ন চাই, কিন্তু স্থানীয়দের বঞ্চিত করে নয়
অনেকে প্রশ্ন করতে পারেন, পর্যটকদের বিনোদনের জন্য নতুন আয়োজন হলে বিরোধিতা কেন?
বিরোধিতা নতুন আয়োজনের বিরুদ্ধে নয়। আপত্তি নিজেদের অধিকার হারানো এবং ক্রমাগত বঞ্চিত হওয়ার বিরুদ্ধে।
যারা পর্যটক হিসেবে কক্সবাজারে ঘুরতে আসেন, তারা সারা বছর টাকা জমিয়ে এখানে বেড়াতে আসেন। তারা খরচ করবেন, কেনাকাটা করবেন, বিনোদন উপভোগ করবেন, এতে কারও আপত্তি নেই। পর্যটন খাতের উন্নয়ন হোক, নতুন বিনিয়োগ আসুক, কর্মসংস্থান তৈরি হোক, সেটিও আমরা চাই।
কিন্তু প্রশ্ন হলো, এসব আয়োজনের সুফল কতটা পাচ্ছেন স্থানীয় মানুষ?
যদি কোনো আয়োজনের অধিকাংশ জায়গা বড় বড় হোটেল, কোম্পানি কিংবা কক্সবাজারের বাইরের ব্যবসায়ীদের প্রচারের জন্য বরাদ্দ দেওয়া হয়, তাহলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ কোথায়? স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য সেখানে কী সুযোগ রাখা হয়েছে?
কক্সবাজারের পর্যটনকে কেন্দ্র করে ব্যবসা হবে, অথচ সেই ব্যবসায় স্থানীয় মানুষই যদি ক্রমাগত পিছিয়ে পড়েন, তাহলে এই উন্নয়নের সুফল কারা ভোগ করছেন?
একজন পর্যটক যে দামে হোটেল ভাড়া, খাবার কিংবা অন্যান্য সেবা নিচ্ছেন, স্থানীয় মানুষকেও অনেক ক্ষেত্রে একই খরচ বহন করতে হচ্ছে। অথচ স্থানীয় মানুষের আয় তো পর্যটকদের মতো নয়। আয় বাড়ছে না, কিন্তু ব্যয় বাড়ছে। তার ওপর নিজেদের অবসর কাটানোর পরিচিত জায়গাগুলোও একে একে নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা কোথায়?
দুঃখজনক বিষয় হলো, এসব নিয়ে রাজনৈতিক নেতা কিংবা জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা খুব একটা চোখে পড়ছে না। স্থানীয় মানুষের অধিকার, সৈকতের উন্মুক্ত পরিবেশ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় জোরালো অবস্থান প্রয়োজন।
আর যারা স্থানীয় মানুষের অধিকার নিয়ে কথা বলতে চান, তাদেরও ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হলে তা আরও উদ্বেগজনক।
কক্সবাজার শুধু পর্যটন ব্যবসার জায়গা নয়, এটি এখানকার মানুষেরও শহর। এই সমুদ্র, সৈকত, ঝাউবন ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে স্থানীয় মানুষের জীবন, আবেগ, স্মৃতি এবং অধিকার জড়িয়ে আছে।
উন্নয়নের নামে স্থানীয়দের শেষ আশ্রয়টুকুও কেড়ে নেবেন না।
মনে রাখতে হবে, পর্যটন উন্নয়ন মানে শুধু বড় বড় হোটেল, প্রতিষ্ঠান কিংবা বাণিজ্যিক আয়োজন নয়। প্রকৃতি রক্ষা, উন্মুক্ত পরিবেশ সংরক্ষণ, স্থানীয় মানুষের অবাধ চলাচল নিশ্চিত করা এবং স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ তৈরি করাও উন্নয়নের অংশ।
কক্সবাজারের সৈকত কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই সৈকতের সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করে, তেমনি এটি স্থানীয় মানুষের জীবন ও অস্তিত্বেরও অংশ।
এভাবে চলতে থাকলে একদিন হয়তো দেখবেন, নিজেদের শহরেই স্থানীয় মানুষ ক্রমাগত পরবাসী হয়ে পড়ছেন। নিজেদের পরিচিত জায়গায় যেতে, একটু সময় কাটাতে কিংবা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতেও তাদের হিসাব করতে হচ্ছে পকেটের টাকা।
সময় থাকতে নিজেদের মাটির মূল্য বুঝুন। কক্সবাজারের মানুষের অধিকার ও স্বার্থকে এভাবে উপেক্ষা করবেন না।
দোহাই লাগে, কক্সবাজারকে শুধু বাণিজ্যের জায়গা হিসেবে দেখবেন না। এই শহর এখানকার মানুষেরও।
