সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা এমন একটি সামাজিক বন্ধন গড়ে তুলতে চাই, যেখানে সবাই একে অপরের সহযোগী হবে। মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সম্পৃক্ত থাকতে হবে। পড়াশোনার মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে শিক্ষার্থীরা যেন পড়াশোনা ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সময় নষ্ট না করে, সে বিষয়ে অভিভাবকদের শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জাহিদ হোসেন বলেন, সন্ধ্যার পর শিশুরা বাড়িতে ফিরে ঠিকমতো পড়াশোনা করছে কি না, সেটিও অভিভাবকদের নজরদারিতে রাখতে হবে। শিশুরা যে ধর্মেরই হোক না কেন, সকালে ধর্মীয় শিক্ষার মাধ্যমে যেন নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেদিকেও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিমাসে কোনো না কোনোভাবে মানুষের কল্যাণে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের চাহিদা অনেক, তবে সরকার সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি সামাজিক বন্ধন গড়ে তুলতে চাই, যেখানে সবাই একে অপরের সহযোগী হবে। মাদক ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া নারীদের মধ্যে সেলাই মেশিন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং জব ফেয়ার-২০২৬-এ নির্বাচিত ২০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ।

এ সময় বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।