উখিয়ার মনখালীতে মুরগির ঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার, বনে অবমুক্তআনোয়ার হোসেন, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় মাজেদ মিস্ত্রীর বসতবাড়ি থেকে একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মাজেদ মিস্ত্রীর মুরগির ঘরে ঢুকে সাপটি মুরগি শিকার করার সময় বাড়ির মালিকের নজরে আসে। স্থানীয়দের ধারণা, সাপটি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে এসে নিয়মিত মুরগি শিকার করে আসছিল।পরে বাড়ির মালিক বিষয়টি স্থানীয় স্নেক রেসকিউ টিমের সদস্য সবুজকে জানালে টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করেন।উদ্ধারের পর শামলাপুর ভিসিজি ও ভিসিএফের সভাপতি আমীর মোহাম্মদ শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে শামলাপুরের অবৈধ অরণ্য এলাকায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।সাপ উদ্ধার ও অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন বাহারছড়ার পরিবেশপ্রেমী আমিনুল হক, পোল্ট্রি খামারি খোকা, তানভীরসহ স্থানীয় আরও অনেকে।এ সময় আমীর মোহাম্মদ শাহজাহান বলেন, “সাপ বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। তাই সাপ দেখলেই আতঙ্কিত হয়ে হত্যা না করে, প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দিন এবং সাপকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সুযোগ দিন।”তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছেন। এ পর্যন্ত এক হাজারেরও বেশি বন্যপ্রাণী বনে অবমুক্ত করেছেন। এসব প্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, মেছোবাঘ, পাখিসহ নানা বন্যপ্রাণী।পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী হত্যা না করে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদে উদ্ধার ও অবমুক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।