ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকদের নিবৃত্ত করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর নিউ এইজ, ট্রাউজার লাইন, ভার্চুয়াল, আল-মুসলিম ও অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। আন্দোলনরত শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়।

এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আশুলিয়ায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিক জানান, নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম বেড়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন। মজুরি বোর্ড গঠন হলেও আমরা এর বাস্তবায়ন চাই। ন্যূনতম মজুরির দাবি বাস্তবায়িত হলেই আমরা সড়ক থেকে চলে যাব বলে জানান তিনি।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা ৩ দফা দাবি আদায়ে মঙ্গলবার সকালে কাজে যোগ দিয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। পরে তারা সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি বাস্তবায়িত হলেই তারা আন্দোলন থেকে সরে যাবেন। 

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, বেশ কয়েকটি পোশাক কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে গেছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।